এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও অনন্য সাফল্য দেখিয়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটির ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে।
সোমবার (১০ আগস্ট) এসএসসির ফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বিষয়টি নিশ্চিত করেন। ফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ৩৮২ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হওয়ার পাশাপাশি জিপিএ-৫ পাওয়ায় প্রতিষ্ঠানটি শতভাগ পাস ও শতভাগ জিপিএ-৫ এর কৃতিত্ব অর্জন করেছে।
প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সভাপতি আবদুল কাদির মোল্লা এবং প্রতিষ্ঠাতা নাছিমা মোল্লা।
এর আগে ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল। ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন, ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন এবং ২০২২ সালে ২৬৬ জনের সবাই জিপিএ-৫ অর্জন করে।
এ ছাড়া ২০২১ সালে ২৪৭ জনের মধ্যে ২৩৭ জন, ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন এবং ২০১৮ সালে ১৩৯ জনের মধ্যে ১৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
২০১৭, ২০২২ ও ২০২৫ সালের পর এবারও শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জনের সাফল্য ধরে রাখল নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।