এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পরিবর্তে এখন থেকে পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থী ফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণভাবে যাচাই করা হবে। কোনো ধরনের ভুল বা অসঙ্গতি পাওয়া গেলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, আগে বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। তবে বর্তমান ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এখন শিক্ষার্থীদের আবেদন অনুযায়ী খাতা পুনরায় মূল্যায়ন করা হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, অনেক শিক্ষার্থী ভালো প্রস্তুতি নিয়েও পরীক্ষায় প্রত্যাশিত ফল পায় না। তাই তাদের জন্য খাতা পুনর্মূল্যায়নের এই সুযোগ চালু করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।