কানাডায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের পুরো বছরে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যার প্রায় ৮৮ শতাংশে পৌঁছে গেছে মাত্র ছয় মাসের এই সংখ্যা।
সিবিএসএর তথ্য বলছে, ২০২৫ সালে কানাডা থেকে মোট ৩ হাজার ৭৭৯ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছিল। সে সময় এটিই ছিল ভারতীয় নাগরিকদের বহিষ্কারের সর্বোচ্চ বার্ষিক সংখ্যা। তবে ২০২৬ সালের প্রথমার্ধেই সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে বহিষ্কারের সংখ্যা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা বর্তমানে অভিবাসন ব্যবস্থায় বেশ কিছু কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীসহ অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিবাসন সংক্রান্ত নিয়ম ভঙ্গ, আশ্রয় বা শরণার্থী আবেদন প্রত্যাখ্যান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কানাডায় অবস্থান এবং ভিসা জালিয়াতির মতো বিভিন্ন কারণে বিদেশি নাগরিকদের বহিষ্কার করা হয়।
চলতি বছরের প্রথম ছয় মাসে বহিষ্কারের সংখ্যায় জাতীয়তার দিক থেকে শীর্ষে রয়েছে ভারত। এ সময়ে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৫৭৩ মেক্সিকান নাগরিককে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে টানা পাঁচ বছর বহিষ্কারের তালিকায় মেক্সিকো শীর্ষে ছিল এবং ভারত ছিল দ্বিতীয় অবস্থানে।
সিবিএসএর তথ্য অনুযায়ী, বর্তমানে কানাডা থেকে বহিষ্কারের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের মধ্যেও ভারতীয়রা সবচেয়ে বড় গোষ্ঠী। মোট ৭ হাজার ৬৬৯ ভারতীয় নাগরিক বহিষ্কার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
এদিকে চলতি বছর কানাডা থেকে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো ভারতীয়দের তুলনায় আড়াই গুণেরও বেশি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২২ জুলাই পর্যন্ত ২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়েছে।