ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ৫৪৪ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯৮ জন, ময়মনসিংহে ২৮ জন, চট্টগ্রামে ৭৭ জন, খুলনায় ১০৭ জন, রাজশাহীতে ২৭ জন, রংপুরে ২৪ জন এবং বরিশাল বিভাগে ৮৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ৮ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৮ হাজার ৬৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে চলতি বছরে এ পর্যন্ত ১৭ হাজার ৩৩৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৮১ জন।