সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শনিবার (৮ আগস্ট) সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাকে প্রধান করে কমিটিটি গঠন করা হয়। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের একজন প্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেটের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেটের একজন প্রতিনিধি।
কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায় রয়েছে কি না, সেটিও তদন্ত করে নির্ধারণ করতে বলা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।
এর আগে শুক্রবার সকালে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলসহ চিকিৎসাধীন অবস্থায় মোট নয়জন নিহত হন। দুর্ঘটনায় আরও ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।