রাজধানীর শেরেবাংলা নগরে আজ বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। উল্লেখ্য, মূল লেখায় মঙ্গলবারের তারিখ ৫ আগস্ট বলা হয়েছিল। সঠিক তারিখ মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬।
সংস্কৃতিমন্ত্রী জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে অনলাইনে টিকিট সংগ্রহের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখবেন। সেখানে সংরক্ষিত আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিলপত্র, আন্দোলনে ব্যবহৃত ব্যানার-প্ল্যাকার্ড, শহীদ ও আহত ব্যক্তিদের স্মারক এবং জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন নিদর্শন পরিদর্শন করবেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা আন্দোলনের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করবেন। গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরা হবে।
জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে সাবেক গণভবন প্রাঙ্গণে জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। এতে জুলাই আন্দোলনের পাশাপাশি দীর্ঘ সময়ের রাজনৈতিক দমন-পীড়নের বিভিন্ন দলিল ও নিদর্শনও স্থান পেয়েছে।