রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীর ফেস্টুন সরানোকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ ঘটনা ঘটে। এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনের অনুমতি নিয়ে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শিরোনামে ডকুমেন্টারি, আলোকচিত্র, ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
প্রদর্শনীর একটি ফেস্টুনে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মীর কাসেম আলীর পাশাপাশি বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি রাখা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের নেতাকর্মীরা ওই ফেস্টুন সরানোর দাবি নিয়ে অনুষ্ঠানস্থলে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে ছাত্রদলের নেতা আশিক এবং ছাত্রশিবিরের নেতা-কর্মী মেহেদী হাসান, ইমরান খান সৌরভ, সোহেল রানা, বাইজিদ শিকদার ও মুরসালিনসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সংগঠনগুলো দাবি করেছে। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয় এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন। আহতের প্রকৃত সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনায় দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সবাইকে শান্ত থাকার পাশাপাশি কোনো ধরনের উসকানি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।