ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
সোমবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে হুমায়ুন কবির বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালিত হলে তা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এ ধরনের কার্যক্রম রোধে ভারতের সহযোগিতা কামনা করে বাংলাদেশ।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য দিতে পারেন—এমন আলোচনা নিয়েও বৈঠকে কথা হয় বলে জানানো হয়েছে।
জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করে।
সূত্র: প্রথম আলো