৫ আগস্টকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে যেকোনো উগ্রবাদী বা সহিংস তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, আগস্ট মাসে নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীর কিছু তৎপরতার তথ্য পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এর আগেও তিনি জানান, সম্ভাব্য নাশকতা ও সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ প্রতিটি ঘটনা আলাদাভাবে তদন্ত করছে।
রাজধানীর কমলাপুর ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, উল্টো রথযাত্রার দিনে কমলাপুর ও মতিঝিলসংলগ্ন এলাকায় মেট্রোরেলের একটি পিলারের নিচে ছাতার মধ্যে সন্দেহজনক বস্তু পাওয়া যায়।
দায়িত্বে থাকা আনসার সদস্যরা বস্তুটি দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এলাকা ঘিরে রাখে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি সরিয়ে নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কোনো গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে কারা জড়িত, সেটি শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
তিনি আরও বলেন, দেশে উগ্রবাদী ও সহিংস কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল এবং ধর্মীয় অনুষ্ঠান ঘিরেও নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাইয়ের একটি আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে বলে সরকার জেনেছে। ওই জামিনের প্রত্যয়িত কপি সংগ্রহ এবং আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বেনজীরের জামিন বাতিলের আইনি পদক্ষেপ নিতে দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও ধারণা করছে সরকার। বিষয়টি যাচাইয়ের পাশাপাশি তার অবস্থান, ভ্রমণ নথি এবং আইনগত অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।