মিয়ানমারের আটক সাবেক নেতা অং সান সু চি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির এক জ্যেষ্ঠ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর কোনো বিদেশি প্রতিনিধির সঙ্গে তার এটিই প্রথম প্রকাশ্যে নিশ্চিত হওয়া বৈঠক।
মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো জানিয়েছেন, রাজধানী নেপিডোতে আইসিআরসির আবাসিক প্রতিনিধি আরনাউদ দ্য বেকের সঙ্গে সাক্ষাৎ করেন ৮১ বছর বয়সী সু চি। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
সরকারের প্রকাশিত ছবিতে সু চিকে ঐতিহ্যবাহী বর্মি পোশাকে আইসিআরসি প্রতিনিধির সঙ্গে একটি কক্ষে বসে থাকতে দেখা যায়। প্রকাশিত অন্য ছবিগুলোর একটিতে তাকে জন্মদিনের কেক কাটতেও দেখা গেছে। তবে বৈঠকের সুনির্দিষ্ট স্থান ও সময় স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। আইসিআরসিও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে তিনি বন্দি রয়েছেন। বিভিন্ন মামলায় তাকে প্রথমে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে সাজা কমিয়ে ১৮ বছর করা হয়।
দীর্ঘদিন ধরে সু চির অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে খুব কম তথ্য প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়। গত এপ্রিলে তাকে কারাগার থেকে নেপিডোর একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দিত্বে স্থানান্তর করার কথা জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
এর আগে মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করেছিল, সু চি সুস্থ আছেন এবং তার যত্ন নেওয়া হচ্ছে। তবে পরিবারের সদস্য, আসিয়ানভুক্ত দেশ ও আন্তর্জাতিক প্রতিনিধিরা তার সঙ্গে স্বাধীনভাবে সাক্ষাতের সুযোগ চেয়ে আসছিলেন।
মিয়ানমারের সামরিকবিরোধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের মুখপাত্র নে ফোন লাট জানিয়েছেন, তারা সাক্ষাৎটি নিয়ে আইসিআরসির আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে সু চির নিঃশর্ত মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি।
সু চির নতুন ছবি ও বিদেশি প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ এমন এক সময়ে সামনে এল, যখন সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া সংঘাত ও রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় খুঁজতে আসিয়ান আবারও মিয়ানমারের বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে।
সূত্র : রয়টার্স