বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার ভবিষ্যৎ বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ বিভিন্ন পক্ষের তীব্র আপত্তি ও বয়কটের হুমকির পর ফিফা এ সিদ্ধান্ত নেয়।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতা থেকে ভবিষ্যতে পাওয়া বাণিজ্যিক আয়ের একটি অংশ বিক্রি করে দেওয়ার কথা ছিল। তবে উয়েফা এই উদ্যোগের বিরোধিতা করে জানায়, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে তারা ফিফার প্রতিযোগিতা বয়কটের বিষয়টি বিবেচনা করতে পারে।
বিতর্কিত প্রস্তাব থেকে ফিফা সরে এলেও সংস্থাটির অভ্যন্তরীণ সংকট পুরোপুরি কাটেনি। ফিফা কাউন্সিলের কয়েকজন সদস্য একটি বিশেষ বৈঠক ডাকার উদ্যোগ নিয়েছেন। ওই বৈঠকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা ও নেতৃত্ব নিয়ে কঠিন প্রশ্ন উঠতে পারে।
এদিকে ফিফার সিদ্ধান্ত পরিবর্তনকে স্বাগত জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবটি উয়েফা ও অন্য সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেছে, সংকটপূর্ণ সময়ে তাদের দৃঢ় বিরোধিতা ফুটবলের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রিয়াল মাদ্রিদের মতে, ফিফার পরিকল্পনা বাতিল হওয়া বিশ্ব ফুটবলের জন্য ইতিবাচক খবর। ক্লাবটি বলেছে, জাতীয় দল ও বিশ্বকাপের মূল ভিত্তি হচ্ছে ক্লাব ফুটবল। ক্লাবগুলোই খেলোয়াড় খুঁজে বের করে, প্রশিক্ষণ দেয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য প্রস্তুত করে।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বকাপ ও জাতীয় দলের ফুটবলকে অল্প কয়েকজনের আর্থিক সুবিধার জন্য বিক্রয়যোগ্য সম্পদ হিসেবে দেখা উচিত নয়। যেসব প্রতিযোগিতার খেলোয়াড় তৈরি ও প্রস্তুতের অধিকাংশ ব্যয় ক্লাবগুলো বহন করে, সেসব প্রতিযোগিতার ভবিষ্যৎ আয় অন্য পক্ষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।
রিয়ালের দাবি, খেলোয়াড়দের বেতন, প্রশিক্ষণ, চিকিৎসা ও অন্যান্য ঝুঁকির বড় অংশ ক্লাবগুলোর ওপর পড়ে। অথচ ভবিষ্যৎ বাণিজ্যিক রাজস্ব বিক্রির পরিকল্পনায় সেই দায়িত্বের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি।
ক্লাবটি সতর্ক করে বলেছে, ফুটবলের ভবিষ্যৎ আয় কুক্ষিগত করার মতো কোনো উদ্যোগ পুনরায় বিবেচনা করা উচিত নয়। বিশ্বকাপ ও আন্তর্জাতিক ফুটবলের ঐতিহ্য, মর্যাদা এবং আর্থিক কাঠামো রক্ষায় সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।