বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি চাইলেও অনেকে রাষ্ট্রের ক্ষমতার কাঠামোগত পরিবর্তন চাননি। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশত্যাগ করুন, সেটিও তাদের অনেকে চাননি।
রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রতিরোধ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে টিকিয়ে রাখা। তবে দেশের জনগণ উপলব্ধি করেছে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য আওয়ামী লীগ ইতিবাচক নয়।
তিনি বলেন, জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসে দলীয় বিবেচনায় নিয়োগ দিলে সেই সংস্কৃতির পরিবর্তন হবে না। রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গত কয়েক মাসে মানুষের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, সেটি ইতিবাচক। তবে গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হলে এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে সংকট আরও বাড়বে।
তিনি বলেন, ঐক্যের প্রধান শর্ত হলো জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনার বিচার নিশ্চিত করা। এটি বাস্তবায়িত হলে বর্তমানের আশঙ্কাজনক পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। এ লক্ষ্যে এনসিপি কাজ চালিয়ে যাবে।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, তারা বৈধ উপায়ে রাষ্ট্রক্ষমতায় যেতে চান। এটি ক্ষমতার লোভ নয়। সাধারণ পরিবারের সন্তানদের দেশ ও রাষ্ট্র নিয়ে কথা বলার বিষয়টি অনেকে মেনে নিতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
আব্দুল্লাহ আল মাহথিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইসমাইল।