ইরান এবার এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়েছে, যিনি শুধু হুমকি দিয়ে থেমে থাকেন না, প্রয়োজনে বাস্তব পদক্ষেপও নেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ফক্স নিউজের ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরানের বর্তমান সরকার অতীতে ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়নি। তার ভাষায়, ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি তা বাস্তবায়নেও পিছপা হন না।
রুবিও অভিযোগ করেন, গত দুই থেকে তিন দশকে ইরান যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করেছে। দেশটি চুক্তি ভঙ্গ, অসত্য তথ্য দেওয়া এবং আলোচনাকে সময়ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার করে এসেছে বলেও দাবি করেন তিনি। তবে ট্রাম্প প্রশাসনের সময়ে আগের মতো এসব কৌশল কাজে দেবে না বলে সতর্ক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও আলোচনা শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন রুবিও। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে নতুন কিছু কূটনৈতিক উদ্যোগ দেখা যেতে পারে বলে আভাস দেন তিনি।
তবে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন বলেও স্বীকার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, মস্কো ও কিয়েভ উভয় পক্ষেরই কয়েকটি কঠোর অবস্থান রয়েছে। সেসব অবস্থানের দূরত্ব কমানো না গেলে একটি গ্রহণযোগ্য শান্তিচুক্তি করা সম্ভব হবে না।
যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক নিয়েও সতর্ক বার্তা দেন রুবিও। তিনি বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক কিংবা সামরিক সংঘাত শুরু হলে তা শুধু ওয়াশিংটন ও বেইজিংয়ের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই বিপর্যয়কর হয়ে উঠবে।
রুবিওর মতে, চীনের সঙ্গে সম্পর্ক এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে সংঘাত এড়ানো যায়। তবে সম্পর্ক স্থিতিশীল রাখার নামে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়ারও সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: ফক্স নিউজ