ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা আবার শুরু করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান কোনো চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্র আবার অভিযান শুরু করে অসমাপ্ত কাজ শেষ করতে পারে। নতুন করে হামলা হলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে তেহরানের দীর্ঘ সময় লাগবে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের সেতুগুলো লক্ষ্যবস্তু করা হলে এক ঘণ্টারও কম সময়ে অধিকাংশ সেতু ধ্বংস করা সম্ভব। এ ছাড়া দেশটির বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অত্যন্ত জটিল এবং সেতু পুনর্নির্মাণেও দীর্ঘ সময় লাগে। এ কারণে এসব অবকাঠামোয় হামলা ইরানের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
তবে সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে সুপেয় পানি উৎপাদনকারী ডেসালিনেশন প্ল্যান্টে হামলা চালানোর ইচ্ছা নেই বলে জানান ট্রাম্প।
তিনি বলেন, এসব স্থাপনায় হামলা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। সে কারণে তিনি এমন কোনো পদক্ষেপ নিতে চান না।
ইরানকে সামরিক হামলার হুমকি দেওয়ার পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও তুলে ধরেন ট্রাম্প। তবে সম্ভাব্য আলোচনার অগ্রগতি বা চুক্তির শর্ত সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তথ্যসূত্র: সিএনএন