তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সফরের শুরুতে তিনি তুরস্কের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন।
সফরকালে সেনাপ্রধান তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রীসহ দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।
তুর্কি স্থলবাহিনী কমান্ডের সদর দপ্তর পরিদর্শনের সময় সেনাপ্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়।
বৈঠকগুলোতে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
সফরের অংশ হিসেবে সেনাপ্রধান তুরস্কের শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর উৎপাদনব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম, অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন সেনাপ্রধান।
সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।