যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরান তখনই উদ্যোগ নেবে, যখন যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী ও সুবিধাজনক হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রোববার (১৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। আরাগচি বলেন, কোনো সংঘাতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কখন যুদ্ধ চালিয়ে যেতে হবে এবং কখন আলোচনার পথে যেতে হবে, সেই সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, সংঘাতের সমাপ্তি সাধারণত দুটি উপায়ে হতে পারে। একটি হলো সামরিক বিজয়ের মাধ্যমে, অন্যটি হলো আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো। তবে আলোচনার জন্য প্রয়োজন যুদ্ধক্ষেত্রে নির্ভরযোগ্য ও কৌশলগত সাফল্য অর্জন করা।
তিনি বলেন, দেশের জনগণের জীবন ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ হতে পারে না। তাই প্রতিটি পদক্ষেপ নিতে হবে হিসাব-নিকাশ ও সতর্কতার সঙ্গে।
আরাগচি আরও বলেন, যুদ্ধ অব্যাহত রাখলে কী ধরনের অর্জন হবে এবং এর বিনিময়ে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে, তা রাজনৈতিক নেতৃত্বকে নিয়মিত মূল্যায়ন করতে হয়।
তিনি দাবি করেন, চলমান সংঘাতের মধ্য দিয়ে ইরান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরেছে এবং দেশের সামরিক শক্তি ও প্রতিরোধের সামর্থ্য বিশ্ববাসীর সামনে প্রমাণ করেছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ