২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। আর এই ম্যাচের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে পাঁচ বছর আগের একটি পোস্ট, যেখানে এই ফাইনালের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ১২ জুলাই এক্সে (সাবেক টুইটার) করা ওই পোস্টে লেখা ছিল, ‘আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে।’
শুধু ফাইনালের দুই দলের নামই নয়, ওই পোস্টে সেমিফাইনালে ইংল্যান্ড আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেবে বলেও উল্লেখ করা হয়েছিল। এবারের বিশ্বকাপে বাস্তবেও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্সকে হারিয়ে চূড়ান্ত লড়াইয়ে জায়গা করে নিয়েছে স্পেন।
পুরোনো এই পোস্টের সঙ্গে বর্তমান বিশ্বকাপের ফল মিলে যাওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী হিসেবে দেখছেন।
তবে অনেকে বিষয়টিকে সামাজিক যোগাযোগমাধ্যমের কৌশল বলেও মনে করছেন। তাদের মতে, বড় কোনো ইভেন্টের আগে সম্ভাব্য অনেক ফলাফল নিয়ে পোস্ট করা হয়। পরে সঠিক হওয়া পোস্টটি রেখে বাকিগুলো সরিয়ে ফেলা হতে পারে।
আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন শিরোপার লড়াইয়ে মাঠে নামবে। এখন অপেক্ষা, পাঁচ বছর আগের সেই পোস্টের ৩-২ স্কোরলাইনও বাস্তবে মিলে যায় কি না।
সূত্র: মার্কা
মন্তব্যসমূহ