বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ এ ঘোষণা দেন।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত রাজনীতি, অর্থনীতি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান।
বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সৌদি আরবের সম্ভাব্য সহায়তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূত জানান, সৌদি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৫০০টি শিক্ষাবৃত্তির বরাদ্দ নিশ্চিত করেছে। তিনি এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ উদ্যোগের বিষয়ে অবহিত করেছেন।
বৈঠকে সৌদি আরবে দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ, দেশটির শ্রমবাজারে প্রবেশ সহজ করা এবং কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।
বৈঠকে জানানো হয়, বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি বসবাস করছেন। তাঁরা সৌদি আরবের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছেন।
দুই পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান অংশীদারত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সৌদি প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম আল হাদাল এবং কনস্যুলার সেকশনের উপপ্রধান মুহাম্মদ ফাহাদ ধি আল সুহাইমি।
সূত্র: বাসস
মন্তব্যসমূহ