কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার রাত ৩টার দিকে তিনি দোহা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সংক্ষিপ্ত সরকারি সফরে গত ১৪ জুলাই দুপুরে কাতারের রাজধানী দোহায় যান স্পিকার। কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতেই তার এই সফর।
সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন।
এ সময় তিনি কাতারের আমির ও শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।
মন্তব্যসমূহ