শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পর কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। তারা জনগণের দুর্ভোগ চান না বলেই দিনের কর্মসূচি স্থগিত করছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বুধবার রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।
ঘোষণার পর শিক্ষার্থীরা শাহবাগ মোড় ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বৃষ্টি, জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। পরে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের দিকে যাত্রা করেন তারা।
বিকেলে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি বাধার মুখে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে তারা শাহবাগ মোড়ে গিয়ে অবরোধ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষার প্রশ্নপত্রে ভুল এবং পরীক্ষা ব্যবস্থাপনার সমস্যার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।
শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্যসমূহ