ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সম্প্রতি এক টেলিফোন আলাপে ট্রাম্প নেতানিয়াহুর কাছে এই অনুরোধ জানান।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি সেনাদের উপস্থিতি উত্তেজনা বাড়াচ্ছে এবং তা নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করেন ট্রাম্প। একই ধরনের বার্তা লেবাননের ক্ষেত্রেও দিয়েছেন তিনি।
এক মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্প নেতানিয়াহুকে জানিয়েছেন, সিরিয়ায় ইসরাইলি বাহিনীর উপস্থিতি স্থানীয়দের কাছে গ্রহণযোগ্য নয় এবং সেনাদের পুনর্মোতায়েন করা উচিত।
বর্তমানে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ সিরিয়া ও দক্ষিণ লেবাননের কিছু এলাকায় অবস্থান করছে। ইসরাইলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবরের মতো হামলা ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় এই সামরিক উপস্থিতি প্রয়োজন।
তবে ইসরাইলের ভেতরে সরকারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এসব এলাকায় দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। কেউ কেউ সেখানে বসতি স্থাপনের দাবিও তুলেছেন।
এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু ফোনালাপে সীমান্তবর্তী নিরাপত্তা অঞ্চল বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছেন।
ট্রাম্প ও নেতানিয়াহুর এই আলোচনা হয় তুরস্কে ন্যাটো সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার বৈঠকের পর।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে ইসরাইল ও সিরিয়ার মধ্যে একটি নতুন নিরাপত্তা চুক্তির চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় ছিল।
অন্যদিকে, লেবাননের ক্ষেত্রেও সেনা প্রত্যাহারের চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত চুক্তির আওতায় দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকা থেকে ইসরাইলি সেনা সরানোর কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।
হোয়াইট হাউস এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। তবে ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনার বিষয়ে প্রকাশিত তথ্য অস্বীকারও করেনি।
সূত্র: অ্যাক্সিওস
মন্তব্যসমূহ