আগামী ২৭ অক্টোবর ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির ক্ষমতাসীন জোটের প্রধান ওফির কাটজ রোববার পার্লামেন্টের একটি কমিটিকে নির্বাচনের তারিখ নিশ্চিত করেছেন। আইন অনুযায়ী এটিই নির্বাচন আয়োজনের সর্বশেষ সময়সীমা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং পরবর্তী গাজা, লেবানন ও ইরান সংঘাতের পর এটিই ইসরাইলের প্রথম জাতীয় নির্বাচন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব ও নিরাপত্তানীতি নিয়ে জনমত যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে নির্বাচনটিকে দেখা হচ্ছে।
গত মে মাসে ইসরাইলের পার্লামেন্ট নেসেট ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছিল। এতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে ক্ষমতাসীন জোট এখন জানিয়েছে, ভোট এগিয়ে না এনে ২৭ অক্টোবরই আয়োজন করা হবে।
হামাসের ৭ অক্টোবরের হামলায় ইসরাইলের সীমান্ত ও নিরাপত্তাব্যবস্থার বড় ধরনের ব্যর্থতা প্রকাশ পায়। হামলার পর নেতানিয়াহুর নিরাপত্তা সক্ষমতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। সাম্প্রতিক জরিপগুলোতেও তাঁর জাতীয়তাবাদী ও ধর্মীয় দলগুলোর জোট সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে বিরোধী দলগুলোর সরকার গঠনের পথও এখনো স্পষ্ট নয়।
ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তাঁর দল লিকুদ গত জুনে নিশ্চিত করেছে।
সূত্র: রয়টার্স














মন্তব্যসমূহ