সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে কার্যক্রমনিষিদ্ধ যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম এলাকার নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার সজীব (৩২)।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সাভারের আনন্দপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিস্ফোরণ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, নুরুল ইসলাম সিংগাইর উপজেলার একটি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে সজীব সাভার যুবলীগের একজন কর্মী হিসেবে পরিচিত।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, তদন্তের স্বার্থে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি পথসভা চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ