দেশের আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রথমবারের মতো চলতি অর্থবছরে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। একই সঙ্গে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করতে প্যারালিগ্যাল কর্মীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও সনদ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্যারালিগ্যাল সেবার প্রাতিষ্ঠানিকীকরণ, জাতীয় প্যারালিগ্যাল কোর্স এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) জন্য বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স প্রণয়ন ও বাস্তবায়নে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে যুক্ত রয়েছে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ ছিল না। এ ঘাটতি পূরণে সরকার চলতি অর্থবছরে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত একটি ব্রিটিশ বিশেষজ্ঞ দলের সঙ্গে সমঝোতা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পেলে শিগগিরই এ কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
আগামী পাঁচ বছরে দেশের মানুষের মধ্যে ন্যায়বিচার পাওয়ার বিষয়ে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন নিজেদের অসহায় মনে না করেন এবং আইনি প্রতিকার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ ও সনদ প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে মো. আসাদুজ্জামান জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি ইন্টার্নশিপ কর্মসূচি চালু করেছিলেন তিনি। এতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী নবীন আইন স্নাতকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। নিয়োগে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ না রেখে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে তাঁদের নির্বাচন করা হয়েছিল। এ ধরনের কর্মসূচি তরুণ আইনজীবীদের পেশাগত দক্ষতা বিকাশে সহায়তা করছে।
আইনমন্ত্রী আরও বলেন, মক্কেলদের সঙ্গে যোগাযোগ ও মামলা পরিচালনার ব্যবস্থাপনাগত কাজে আইনজীবীদের সহকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ তাঁদের জন্য দেশে কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণব্যবস্থা নেই। এ পরিস্থিতিতে প্যারালিগ্যাল কর্মীদের দক্ষতা বাড়াতে তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগকে স্বাগত জানান তিনি।
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে আইনমন্ত্রী জানান, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে মানুষের আস্থা ও আগ্রহ বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মধ্যস্থতার আবেদন জমা পড়েছিল ৩৫ হাজার ৫৯৬টি। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ হাজার ৩১২টি। বৃদ্ধির হার ১৬৭ দশমিক ৭৬ শতাংশ।
একই সময়ের তুলনায় মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সংখ্যা ২৯ হাজার ৮৩৭টি থেকে বেড়ে ৭৩ হাজার ৪৫৯টিতে পৌঁছেছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৪৬ দশমিক ২০ শতাংশ। পাশাপাশি মধ্যস্থতা চুক্তির সংখ্যা ৯ হাজার ৯১৫টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৭টিতে। বৃদ্ধির হার ১০৮ দশমিক ৬৪ শতাংশ।
আইনমন্ত্রী জানান, সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের পাশাপাশি ব্লাস্ট, অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনগুলোর ইতিবাচক অংশগ্রহণের ফলে এ অগ্রগতি অর্জিত হয়েছে।
তবে মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণের কারণে মক্কেল হারানোর আশঙ্কায় কয়েকটি জেলার কিছু আইনজীবী এর বিরোধিতা করছেন বলেও জানান তিনি। আলোচনার মাধ্যমে তাঁদের অধিকাংশকে বিষয়টি বোঝানো সম্ভব হয়েছে। সবার জন্য ন্যায়বিচার সহজলভ্য করতে সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন আইনমন্ত্রী।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা, পেশাগত যোগ্যতা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির জন্য অভিন্ন জাতীয় মানদণ্ড নির্ধারণ করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে পৃথক দুটি কর্মসূচি গ্রহণ করা হবে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সহযোগিতায় বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আইনি সহায়তা নিশ্চিতে বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স তৈরি ও বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে জিআইজেডের সহায়তায় পরিচালিত গবেষণা এবং আন্তর্জাতিক সম্মেলনের সুপারিশের ভিত্তিতে দেশের সর্বস্তরের জনগোষ্ঠীর জন্য মানসম্মত জাতীয় প্যারালিগ্যাল যোগ্যতা সনদ কোর্স প্রণয়ন করা হবে। কোর্সটি পরীক্ষামূলকভাবে চালুর পাশাপাশি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক তত্ত্বাবধানে উভয় কোর্সের পাঠ্যক্রম তৈরি ও অনুমোদন করা হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের সনদ দেবে বিশ্ববিদ্যালয়। এ ছাড়া প্যারালিগ্যাল কর্মীদের পেশাগত মান, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে একটি সমন্বিত ‘প্যারালিগ্যাল কাউন্সিল’ গঠনের উদ্যোগও সমঝোতা স্মারকে রাখা হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মঞ্জুরুল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন। আরও বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইজেন এবং জিআইজেডের অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার সৈয়দ জিয়াউল হাসান।
বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের আইনি সহায়তা পাওয়ার সুযোগ বাড়াবে। সরকারি আইনগত সহায়তা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।














মন্তব্যসমূহ