মামলা কমাতে ১০ জেলায় বাধ্যতামূলক মধ্যস্থতা চালু: আইনমন্ত্রী
দেশের আদালতে মামলাজট কমাতে ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা (প্রি-কেস মেডিয়েশন) কার্যক্রম চালু করেছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এই উদ্যোগ বিচারপ্রার্থীদের দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি করছে এবং নতুন মামলা দায়েরের সংখ্যা কমাতে ইতিবাচক ভূমিকা রাখছে।মঙ্গলবার ঢাকায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী।তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি করা গেলে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে এবং আদালতের ওপর চাপও হ্রাস পাবে।[BANGVIEWS-POST:2207]আইনমন্ত্রী জানান, এর আগে ২০টি জেলায় পরীক্ষামূলকভাবে প্রি-কেস মেডিয়েশন কার্যক্রম চালু করা হয়েছিল। এর ফলে বিভিন্ন আইনে নতুন মামলা দায়েরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে মাসের তুলনায় ২০২৬ সালের একই সময়ে পারিবারিক আদালত আইনে মামলা দায়ের প্রায় ৫১ শতাংশ কমেছে। এছাড়া বণ্টন সংক্রান্ত মামলা প্রায় ৬৭ শতাংশ, প্রিম্পশন মামলা ৮৮ শতাংশের বেশি, নন-এগ্রিকালচারাল টেন্যান্সি আইনের মামলা প্রায় ৫৫ শতাংশ, যৌতুক নিরোধ আইনের মামলা প্রায় ৬৮ শতাংশ এবং পিতামাতার ভরণ-পোষণ আইনের মামলা কমেছে।সব মিলিয়ে প্রি-কেস মেডিয়েশনের মাধ্যমে নতুন মামলা দায়েরের হার গড়ে প্রায় ৬২ শতাংশ কমেছে বলে জানান তিনি।আইনমন্ত্রী বলেন, আদালতে মামলার প্রবাহ কমানো গেলে বিচারাধীন মামলার সংখ্যা দ্রুত কমিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি যেসব মামলা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, সেগুলো জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতায় পাঠানোর জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি।তিনি আশা প্রকাশ করেন, আদালত, লিগ্যাল এইড অফিস, আইনজীবী ও সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করলে আগামী এক বছরের মধ্যে মামলাজট কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।মধ্যস্থতা কার্যক্রম সম্পর্কে জনগণকে জানাতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে আইনমন্ত্রী বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে অসহায় ও প্রান্তিক মানুষ বিনামূল্যে আইনি সহায়তা এবং দ্রুত বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন।তিনি কক্সবাজারে এক লাখের বেশি মামলা বিচারাধীন থাকার কথা উল্লেখ করে সংশ্লিষ্টদের আগামী তিন মাসের মধ্যে মামলাজট কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।[BANGVIEWS-POST:2205]আইনমন্ত্রী জানান, জাইকা, জিআইজেড ও ইউএনডিপির সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।নতুন চালু হওয়া ১০টি জেলা হলো বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল।
আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬-এর আওতায় এসব জেলায় এখন থেকে নির্ধারিত সাতটি আইনের ক্ষেত্রে আদালতে মামলা করার আগে জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে।