রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার হিসাবে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। গভীর রাতে কম্পন অনুভূত হওয়ায় ঘুম ভেঙে যায় অনেক বাসিন্দার। আতঙ্কে তুষারঝড়ের মধ্যেও নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন তাঁরা।
শনিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক সময় অনুযায়ী বেলা ১টা ১৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ওই সময় কামচাটকায় গভীর রাত ছিল।
রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ভূ-পদার্থবিদ্যা বিভাগের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, কামচাটকা অঞ্চলের রাজধানী পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
সংস্থাটির আঞ্চলিক শাখা রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল স্থলভাগে। ভূপৃষ্ঠের প্রায় ১৮৯ দশমিক ১ কিলোমিটার গভীরে কম্পনটি সৃষ্টি হয়।
কামচাটকার রাজধানী পেত্রোপাভলভস্ক-কামচাটস্কিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। রাশিয়ার ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার হিসাবে শহরটিতে কম্পনের তীব্রতা ছিল ৩।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতে হঠাৎ ভূমিকম্প শুরু হলে অনেক বাসিন্দার ঘুম ভেঙে যায়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন আবাসিক এলাকায়।
ওই সময় কামচাটকায় তুষারঝড় চলছিল। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নিরাপত্তার কথা বিবেচনা করে অনেক মানুষ নিজেদের অ্যাপার্টমেন্ট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানী শহর থেকে খুব বেশি দূরে না হলেও কম্পনের উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের অনেক গভীরে। এ কারণে কেন্দ্রস্থলে ভূমিকম্পের মাত্রা বেশি হলেও রাজধানীতে অনুভূত কম্পনের তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল।
কামচাটকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি। অঞ্চলটি ভূত্বকের সক্রিয় প্লেট সীমান্তের কাছে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়।
শনিবারের ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানানো হয়নি।
এ ছাড়া ভূমিকম্পের কারণে বড় কোনো স্থাপনা ধসে পড়া কিংবা ব্যাপক অবকাঠামোগত ক্ষতির তথ্যও প্রাথমিক প্রতিবেদনে পাওয়া যায়নি।
তবে গভীর রাতে তুষারঝড়ের মধ্যে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত হয়ে ঘর ছাড়ার ঘটনা সামনে এসেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি।














মন্তব্যসমূহ