বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (২৮ নভেম্বর) এ বদলির তথ্য প্রকাশিত হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে মাগুরা জেলায় বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নূরে আলমকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাঁকে লালমনিরহাটে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
অন্যদিকে নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুর জেলায় পদায়ন করা হয়েছে। তাঁর জায়গায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া এসআরবিতে কর্মরত সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুকতারিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, বদলি হওয়া আট কর্মকর্তাকে রোববার (২৯ নভেম্বর) এর মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সোমবার (৩০ নভেম্বর) থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।
জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়নের আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।














মন্তব্যসমূহ