পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আরাফাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির পেছনের অংশসহ কয়েকটি আসন পুড়ে গেছে। ঘটনার পেছনে নাশকতার উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। তবে কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের পাশে মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি স্ট্যান্ডে পার্কিং করা ছিল। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা বাসটির পেছনের দিকের আসনে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা অন্য বাসের হেলপারদের নজরে আসে বিষয়টি।
আগুন দেখতে পেয়েই তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে আগুন লাগার খবর পান তাঁরা। সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি। এ সময় মঠবাড়িয়া থানা পুলিশের সদস্যদের পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন।
ঘটনার বিষয়ে ইউএনও আতাউর রাব্বি জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়েছেন। তবে কারা বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি ধারণা করছেন, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।














মন্তব্যসমূহ