দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গোপালগঞ্জ ও গাজীপুরসহ সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের কথা জানিয়েছে বাহিনীটি। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজিবির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সদস্য মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। জেলাটিতে বর্তমানে ৫৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
এ ছাড়া গাজীপুরে ১৯ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, কক্সবাজারে সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
বিজিবি জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।
বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছে বাহিনীটি।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নজরদারির মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।
সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন।
সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা, স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা এবং সহিংসতা প্রতিরোধে বাহিনীর সদস্যরা পেশাদারত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করছেন।














মন্তব্যসমূহ