কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা সন্দেহভাজন দুই ব্যক্তি ইয়াবাভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যান। তাঁদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার জীম্বংখালী সীমান্ত এলাকায় অভিযানটি পরিচালনা করে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। বাহিনীটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, জীম্বংখালী সীমান্তচৌকির (বিওপি) একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি করছিল। এ সময় বিজিবির ৭ নম্বর পোস্টসংলগ্ন বেলালের মাছের ঘেরের কাছে প্রযুক্তির সহায়তায় দুই ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি মিয়ানমার থেকে দুটি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাঁদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় টহল দলের সদস্যরা থামার নির্দেশ দেন।
এ সময় তাঁরা লুঙ্গি দিয়ে মোড়ানো দুটি ব্যাগ ফেলে মাছের ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া ব্যাগ দুটি উদ্ধার করেন। তল্লাশির সময় ব্যাগের ভেতরে খাকি রঙের মোড়কে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়।
প্যাকেটগুলো খুলে আনুমানিক ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।
এরপর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে নতুন করে কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত ও আটকের জন্য সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। কিন্তু অভিযান শেষে তাঁদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানচক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি কাজ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে।
বিজিবির কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে।
শুক্রবারের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হলেও পলাতক ব্যক্তিদের পরিচয় এবং চালানটির গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি বিজিবি।














মন্তব্যসমূহ