প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। গ্রামীণ জনপদের উন্নয়ন, প্রান্তিক মানুষের জীবনমান বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, সাধারণ ও প্রান্তিক মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের কার্ডভিত্তিক সহায়তা কার্যক্রম নেওয়া হয়েছে। এর মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন টেকসই করা সম্ভব নয়। তাই পল্লী এলাকার অবকাঠামো, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সিরডাপের ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়ন নিয়ে কাজ করছে। প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সিরডাপের কার্যক্রম গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, সরকার ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টায় দেশের পল্লী অঞ্চল আরও উৎপাদনশীল, সমৃদ্ধ ও জনবান্ধব হয়ে উঠবে।
মন্তব্যসমূহ