ইরানের আধাসামরিক বাহিনী বাসিজকে নতুনভাবে গড়ে তোলা এবং দেশজুড়ে সংগঠনটির আদর্শ ও কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি বলেছেন, ইরানের জনগণের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে, তার সঙ্গে সংগতি রেখে বাসিজের কাঠামো ও কার্যক্রমে পরিবর্তন আনা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় এসব কথা বলেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বার্তায় ‘প্রত্যেক ইরানি হবে একজন বাসিজি’ স্লোগান বাস্তবায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন দেশটির সর্বোচ্চ নেতা।
মোজতবা খামেনি বলেন, সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা এবং ইরানি জনগণের মধ্যে বাসিজি চেতনার বিস্তারের পরিপ্রেক্ষিতে সংগঠনটির নতুন রূপান্তর প্রয়োজন।
তাঁর মতে, জনগণের মধ্যে গড়ে ওঠা দেশপ্রেম, প্রতিরোধের মানসিকতা ও সংগঠিত হওয়ার সক্ষমতাকে কাজে লাগিয়ে বাসিজকে আরও আধুনিক ও কার্যকর সংগঠনে পরিণত করতে হবে।
বার্তায় তিনি বলেন, ‘তৃতীয় পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের’ সময় ইরানের জনগণের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, তা বাসিজের বিকাশে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে আগের কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ না থেকে সংগঠনটির আরও উন্নত রূপ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, জনগণের ব্যাপক অংশগ্রহণ ও সক্ষমতাকে কাজে লাগাতে হলে এখন থেকেই সুপরিকল্পিত, দৃঢ় ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে।
বিশেষ করে ‘প্রত্যেক ইরানি হবে একজন বাসিজি’ স্লোগানকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সামাজিক ও সাংগঠনিক পর্যায়ে কাজ বাড়ানোর নির্দেশনা দেন তিনি।
খামেনি বলেন, বাসিজের আদর্শ শুধু সংগঠনটির আনুষ্ঠানিক সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সামরিক বাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা এবং সংসদ সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এই চিন্তাধারার অনুসারী রয়েছেন।
তাঁর মতে, পেশাগত দায়িত্ব ও পদমর্যাদায় ভিন্নতা থাকলেও এসব মানুষের অনেকে বাসিজের আদর্শ এবং জীবনধারার সঙ্গে নিজেদের সম্পৃক্ত মনে করেন।
এমনকি আনুষ্ঠানিকভাবে বাসিজের সদস্য নন, এমন অনেক মানুষের মধ্যেও সংগঠনটির আদর্শের প্রতি সমর্থন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এই বৃহৎ জনগোষ্ঠীর সক্ষমতা কাজে লাগানোর মাধ্যমে বাসিজকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অধীন বাসিজ একটি স্বেচ্ছাসেবী আধাসামরিক সংগঠন। দেশটির নিরাপত্তা কার্যক্রম, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রীয় আদর্শভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে এর ভূমিকা রয়েছে।
একই সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রমে বাসিজের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো অতীতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘটনায় বাহিনীটির সংশ্লিষ্টতার অভিযোগ করেছে।
চলতি বছরের মার্চে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। এরপর দেশটির সামরিক ও নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনা হয়।
এরই ধারাবাহিকতায় আগস্টে হোসেইন তাইয়েবকে বাসিজের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময়ও সংগঠনটির সামাজিক ভিত্তি সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশনা দিয়েছিলেন খামেনি।
সর্বশেষ বার্তায় সেই পরিকল্পনাকে আরও এগিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি। তবে ‘প্রত্যেক ইরানি হবে একজন বাসিজি’ স্লোগান বাস্তবায়নের আহ্বান জানানো হলেও সব নাগরিকের জন্য সংগঠনটির আনুষ্ঠানিক সদস্যপদ বাধ্যতামূলক করার কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বাসিজকে আধুনিকায়ন এবং ইরানের সামাজিক ও নিরাপত্তাব্যবস্থায় সংগঠনটির ভূমিকা সম্প্রসারণের ওপরই গুরুত্ব দেওয়া হয়েছে নতুন বার্তায়।
সূত্র : মেহের নিউজ এজেন্সি,














মন্তব্যসমূহ