বিশ্ববাণিজ্যে চীনের ক্রমবর্ধমান প্রভাব কমাতে নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুধু চীনের পণ্যের ওপর নয়, দেশটির সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন বিভিন্ন অর্থনীতির ওপরও চাপ বাড়াতে চাইছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ, চীন, ভারত, জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশ ও অর্থনৈতিক অঞ্চলের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। আট মাসের তদন্ত শেষে সংস্থাটি দাবি করেছে, এসব অর্থনীতির অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা এবং বিভিন্ন বাণিজ্যনীতি মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে।
তবে বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের একটি বড় লক্ষ্য চীনের উৎপাদন ও সরবরাহব্যবস্থার ওপর বিশ্বের নির্ভরতা কমানো। সরাসরি চীনা পণ্যে শুল্ক বাড়ানোর পাশাপাশি অন্য দেশগুলোকেও চীনের অতিরিক্ত উৎপাদন এবং কম দামের রপ্তানিপণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উৎসাহিত করছে ওয়াশিংটন।
নতুন প্রস্তাবে চীনের নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে। এই হার ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্কের অতিরিক্ত হতে পারে।
তবে সব চীনা পণ্যে একই হারে শুল্ক কার্যকর হবে না। পণ্যের ধরন, বিদ্যমান শুল্ক এবং প্রস্তাবিত ছাড়ের ভিত্তিতে হার নির্ধারিত হবে।
যুক্তরাষ্ট্র ও চীনের বর্তমান বাণিজ্য সমঝোতার আওতায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্দিষ্ট শুল্কবৃদ্ধির সীমা রাখা হয়েছে। তবে সমঝোতার শর্ত পূরণ না হলে চীনের পণ্যে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্পও রেখেছে মার্কিন প্রশাসন।
আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পরিকল্পনা রয়েছে। এর পরপরই ১০ জানুয়ারি দুই দেশের বর্তমান বাণিজ্য সমঝোতার মেয়াদ শেষ হওয়ার কথা।
ফলে নতুন শুল্ক প্রস্তাবকে ওই বৈঠক ও পরবর্তী আলোচনার আগে যুক্তরাষ্ট্রের দরকষাকষির অবস্থান শক্তিশালী করার একটি উপায় হিসেবে দেখছেন অর্থনীতিবিদেরা।
গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান এশিয়া অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামসের মতে, দুই দেশের মধ্যে আবার বাণিজ্যযুদ্ধ শুরু হলে নতুন শুল্কব্যবস্থা ওয়াশিংটনের জন্য চাপ প্রয়োগের হাতিয়ার হতে পারে।
তিনি মনে করেন, অন্য দেশগুলোর বাণিজ্যনীতি বিশ্লেষণের ক্ষেত্রেও চীনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে চীনা পণ্য ও উৎপাদনব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন দেশকে আরও কঠোর বাণিজ্যিক অবস্থান নিতে উৎসাহিত করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের তদন্ত প্রতিবেদনে চীনের প্রভাব কতটা গুরুত্ব পেয়েছে, তা কিছু পরিসংখ্যানেও স্পষ্ট। ভিয়েতনামবিষয়ক প্রতিবেদনে চীনের উল্লেখ রয়েছে ২৫০ বারের বেশি। ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে তৈরি প্রতিবেদনে দেশটির নাম এসেছে ৩০০ বারের বেশি।
বিশ্লেষকদের মতে, এতে বোঝা যায়, ওয়াশিংটন কেবল নিজেদের বাজার রক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে না। চীনের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্যিক সম্পর্কেও পরিবর্তন আনতে চাইছে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনার বড় একটি অধ্যায় শুরু হয় ২০২৫ সালের এপ্রিলে, যখন ট্রাম্প ব্যাপক হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। এর জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়ায়।
একপর্যায়ে দুই দেশের পাল্টাপাল্টি শুল্ক তিন অঙ্কের ঘরে পৌঁছায়। একই সঙ্গে বিরল খনিজ প্রক্রিয়াজাতকরণে চীনের শক্তিশালী অবস্থান বৈশ্বিক শিল্প খাতের জন্য উদ্বেগ তৈরি করে।
গাড়ি, ইলেকট্রনিকস, প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিরল খনিজের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশকে চাপে ফেলে।
পরে দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়।
তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় আরোপিত ট্রাম্পের ব্যাপক শুল্ক অবৈধ ঘোষণা করেন। এরপর বিকল্প আইনি ভিত্তিতে নতুন বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ জোরদার করে মার্কিন প্রশাসন।
এবার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে। এই আইনে অন্য দেশের বাণিজ্যনীতি মার্কিন বাণিজ্যের ক্ষতি করছে বলে নির্ধারিত হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে চীনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা ধরে রাখার কিছু উদ্যোগ নিয়েছে।
বিরল খনিজ রপ্তানির ওপর নির্দিষ্ট নিয়ন্ত্রণ স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে বেইজিং। পাশাপাশি চীনের জিয়ামেন এয়ারলাইনস মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের ৫০টি ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কেনার চুক্তি করেছে।
এসব ঘটনাকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি সংঘাতের দিকে না নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন কয়েকজন বিশ্লেষক।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক চেন বো মনে করেন, চীন যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি বাণিজ্যযুদ্ধে জড়াতে আগ্রহী নয়, তেমনি ওয়াশিংটনও নতুন সংঘাত এড়াতে চাইবে।
তাঁর মতে, দুই দেশের জন্যই সমঝোতা বজায় রাখা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।
তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক টানাপোড়েন শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা।
চীনের অভ্যন্তরীণ ভোগব্যয় তুলনামূলক দুর্বল থাকায় দেশটির উৎপাদন খাত রপ্তানির ওপর বেশি নির্ভর করছে। ফলে চীনের শিল্পপণ্য অন্য বাজারে আরও বেশি প্রবেশ করলে সেসব দেশের স্থানীয় উৎপাদকদের ওপর প্রতিযোগিতার চাপ বাড়তে পারে।
ম্যাককুয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শেভেটসের মতে, চীনের অর্থনৈতিক কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন না এলে ভবিষ্যতে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়তে পারে।
ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে চীনা বৈদ্যুতিক গাড়িসহ বিভিন্ন পণ্যের আমদানি নিয়ে বাণিজ্যিক বিধিনিষেধ ও সমঝোতার উদ্যোগ নিয়েছে। অন্য দেশগুলোকেও নিজেদের শিল্প ও কর্মসংস্থান রক্ষায় একই ধরনের পদক্ষেপ নিতে হতে পারে।
গবেষণা প্রতিষ্ঠান প্লেনামের অংশীদার বো ঝেংইউয়ান মনে করেন, চীন সব বাণিজ্যিক ক্ষেত্রে নিজের আগের অবস্থান ধরে রাখতে পারবে না। বিভিন্ন অংশীদারের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে দেশটিকে আরও ছাড় দিতে হতে পারে।
সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক উদ্যোগ যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্যের বাইরেও আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা, শিল্প উৎপাদন এবং বিভিন্ন দেশের বাণিজ্যনীতিতে প্রভাব ফেলতে পারে।
তবে প্রস্তাবিত শুল্ক এখনো চূড়ান্তভাবে কার্যকর হয়নি। পরবর্তী শুনানি, দুই দেশের আলোচনা এবং চূড়ান্ত মার্কিন সিদ্ধান্তের ওপর নির্ভর করবে নতুন বাণিজ্য উত্তেজনার গতিপথ।
সূত্র : রয়টার্স














মন্তব্যসমূহ