রাজশাহীর পুঠিয়ায় একটি কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী দেখে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের উপস্থিতি এত কম কেন, সে বিষয়ে শিক্ষকদের কাছে জানতে চেয়েও সন্তোষজনক উত্তর পাননি তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নাটোরে যাওয়ার পথে পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। কলেজের নিচতলা থেকে চারতলা পর্যন্ত বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন তিনি। এ সময় একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রী এবং অন্য কক্ষগুলোতেও অল্পসংখ্যক শিক্ষার্থী দেখতে পান।
জানা গেছে, নাটোরের এনএস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে সকালে বিমানে রাজশাহী পৌঁছান শিক্ষামন্ত্রী। এরপর সড়কপথে নাটোরের উদ্দেশে রওনা দেন। পথে মহাসড়কের পাশে অবস্থিত বিড়ালদহ কলেজ দেখে পূর্বঘোষণা ছাড়াই সেখানে প্রবেশ করেন তিনি।
পরিদর্শনের সময় একটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে জানতে চান মন্ত্রী। এক নারী শিক্ষক জানান, তাঁর ক্লাসে মোট ১৫ জন শিক্ষার্থী থাকলেও সেদিন উপস্থিত হয়েছেন মাত্র একজন।
এ সময় শিক্ষামন্ত্রী প্রশ্ন করেন, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’
জবাবে শিক্ষক জানান, শ্রেণিকক্ষে একজন ছাত্রী উপস্থিত রয়েছেন। অন্য শিক্ষার্থীরা কেন আসেননি, তা জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
পরে শিক্ষামন্ত্রী কলেজের অন্যান্য শ্রেণিকক্ষও পরিদর্শন করেন। সেখানেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। এ নিয়ে শিক্ষকদের কাছে ক্লাস শুরুর নির্ধারিত সময় জানতে চান তিনি।
এক শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা। শিক্ষকেরা নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে প্রবেশ করলেও অনেক শিক্ষার্থী তখনো বাইরে থাকতে পারেন।
শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কারণ জানতে চাইলে ওই শিক্ষক বলেন, অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে আসতে চান না। তাঁদের কলেজে আনতে মাঝেমধ্যে ফোন করে যোগাযোগ করতে হয়।
শিক্ষকদের এমন ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন।
কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিক পর্যন্ত পাঠদান করা হয়। একাদশ শ্রেণিতে ৬৯ জন এবং দ্বাদশ শ্রেণিতে ১৬৮ জনসহ মোট ২৩৭ জন শিক্ষার্থী রয়েছেন।
তাঁর দাবি, বৃহস্পতিবার কলেজে প্রায় ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে মন্ত্রী যে গার্হস্থ্যবিজ্ঞান শ্রেণিকক্ষটি পরিদর্শন করেন, সেখানে ১৫ থেকে ২০ জনের মধ্যে মাত্র একজন ছাত্রী ছিলেন।
অধ্যক্ষ বলেন, শিক্ষামন্ত্রীর আগমনের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ আগে থেকে কিছু জানত না। মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তিনি হঠাৎ কলেজে প্রবেশ করেন এবং নিজেই বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষামন্ত্রী প্রায় ২০ মিনিট কলেজে অবস্থান করেন। এরপর নাটোরে নির্ধারিত অনুষ্ঠানের উদ্দেশে রওনা দেন।
অধ্যক্ষ আরও জানান, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আনতে শিক্ষকেরা বিভিন্নভাবে চেষ্টা করছেন। তবে অনেক শিক্ষার্থীর অনিয়মিত উপস্থিতি কলেজের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়টি নজরদারিতে রাখার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে কলেজটির শিক্ষার্থী উপস্থিতির চিত্র সামনে এসেছে। তবে উপস্থিতি কম থাকার প্রকৃত কারণ এবং শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।














মন্তব্যসমূহ