বরিশালে একটি বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে মারধর ও নির্যাতনের মাধ্যমে চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ।
অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুন রাতে বরিশালের সদর রোডের একটি অফিস কক্ষে অগ্রণী আবাসন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করা হয়। এ সময় তাকে ভয়ভীতি দেখিয়ে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, অভিযুক্তদের আইনের আওতায় আনতে সকাল থেকে ডিবি ও মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম অভিযান চালায়। পরে দুপুরের দিকে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তদন্তের ভিত্তিতে এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।














মন্তব্যসমূহ