দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১০ জনে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্যের ভিত্তিতে এ হিসাব দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৬৫৫ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন এবং খুলনা বিভাগে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জন।
তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮০৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৬১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।














মন্তব্যসমূহ