সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে (১৯ নভেম্বর ২০২৬) রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালায় পুলিশের একটি দল। সেখান থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ ও মামলার নথিপত্রের তথ্য অনুযায়ী, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মোট পাঁচটি হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর নিজ নির্বাচনী এলাকার বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, বিয়ানীবাজারে ৫ আগস্টের সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন।
এ ছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল একটি হত্যা মামলা করেন। ওই মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে, গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম আরেকটি হত্যা মামলা করেন। একই থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তাঁর ভাতিজা রেজাউল করিমও একটি মামলা দায়ের করেন। এই দুই মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।














মন্তব্যসমূহ