মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে উপসাগরীয় দেশ বাহরাইনেও কয়েক দফা হামলা চালানো হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে গতকাল বুধবার (১৮ নভেম্বর) তেহরান এই পাল্টা আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যম গলফ নিউজ ও বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর দাবি, বুধবার কুয়েতের ‘আলী আল-সালেম’ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। ওই ঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়। পাশাপাশি বাহরাইনেও কয়েক দফা হামলা চালানোর দাবি করেছে তেহরান।
অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে। একইভাবে বাহরাইনের সামরিক বাহিনীও জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি হামলা আকাশেই ঠেকিয়ে দিয়েছে। তবে এসব পাল্টাপাল্টি হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানিয়েছিলেন, মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র (প্রিসিশন উইপন) ব্যবহার করে ‘আত্মরক্ষার’ অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় ইরানের হামলার জবাবেই কেশম দ্বীপে পাল্টা হামলা চালায় মার্কিন বাহিনী। ধারাবাহিক এই পাল্টাপাল্টি হামলায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
সূত্র: গলফ নিউজ














মন্তব্যসমূহ