রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা এবং সংকটের স্থায়ী সমাধানে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি কারি। তিনি সতর্ক করেছেন, মানবিক সহায়তা আরও সংকুচিত হলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশ, বিশেষ করে তরুণদের ভবিষ্যৎ গভীর অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
কেলি কারি জানান, মিয়ানমারে সংঘাত, নিপীড়ন এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে ১০ লাখের বেশি রোহিঙ্গা ও অন্যান্য শরণার্থী এখনো নিজেদের দেশে নিরাপদে ফিরতে পারছেন না। অন্যদিকে বাংলাদেশে শরণার্থীশিবিরের নিরাপত্তা পরিস্থিতি এবং মানবিক সহায়তার ঘাটতি সংকটকে আরও কঠিন করে তুলছে।
তাঁর মতে, রোহিঙ্গা সংকটকে শুধু শরণার্থী ব্যবস্থাপনার সমস্যা হিসেবে দেখলে চলবে না। শরণার্থীদের পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত চ্যালেঞ্জও বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং সংশ্লিষ্ট সব জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা।
প্রত্যাবাসনের প্রস্তুতি নিয়ে তিনি জানান, বাংলাদেশের নবনির্বাচিত সরকার রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সামগ্রিক কৌশল তৈরির লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করেছে।
তবে প্রত্যাবাসনের সুযোগ কখন তৈরি হবে, তা এখনো অনিশ্চিত। পাঁচ সপ্তাহ, পাঁচ মাস কিংবা পাঁচ বছর পর পরিস্থিতি অনুকূলে এলেও যাতে শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী প্রস্তুত থাকতে পারে, সে জন্য বিদ্যমান ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষজ্ঞ। তিনি জানান, সেখানে সশস্ত্র সংঘাত অব্যাহত রয়েছে। বেসামরিক নাগরিক ও তাদের ব্যবহৃত অবকাঠামোও প্রাণঘাতী হামলার শিকার হচ্ছে।
তাঁর অভিযোগ, মিয়ানমারের কেন্দ্রীয় কর্তৃপক্ষ এবং আরাকান আর্মি নিয়ন্ত্রিত উভয় এলাকাতেই রোহিঙ্গাসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী নিপীড়নের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হচ্ছে না। বরং নতুন করে আরও মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক দাতাদের অর্থায়ন কমে যাওয়ায় বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য পরিচালিত বিভিন্ন সেবা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান কেলি কারি। বিশেষ করে শিক্ষা, সুরক্ষা, জীবিকার সুযোগ এবং জরুরি নয় এমন স্বাস্থ্যসেবায় সহায়তা কমার নেতিবাচক প্রভাব পড়ছে।
তিনি বলেন, শুধু জীবন রক্ষাকারী জরুরি সহায়তা চালু রাখলেই সংকটের সব দিক মোকাবিলা করা সম্ভব নয়। দীর্ঘমেয়াদে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষা, নিরাপত্তা ও জীবিকার বিষয়গুলোতেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান তিনি। শিবিরগুলোতে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে গুরুতর অপরাধ বৃদ্ধির কথা উল্লেখ করে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান।
এ ক্ষেত্রে শরণার্থীশিবির থেকে অননুমোদিত সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্র অপসারণ এবং তাদের নিরস্ত্রীকরণকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন কেলি কারি।
সংবাদ সম্মেলনে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলার প্রসঙ্গও উঠে আসে। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে। কেলি কারির মতে, এ রায় জবাবদিহি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে কেলি কারি রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের চলমান সংঘাতের প্রভাব পর্যবেক্ষণ করেছেন। তিনি ১১ নভেম্বর বাংলাদেশে আসেন। সফর শেষে আগামী ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে।














মন্তব্যসমূহ