জামি'আতুল অলিজা ইসলামিয়া ও জামি'আ হযরত সুমাইয়া (রা.) মহিলা মাদরাসার উদ্যোহে দেশ-বিদেশের প্রখ্যাত আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ ও বুযুর্গানে দীনের অংশগ্রহণে গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারে ফযিলত। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) গাজীপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগবেড় (আন্দারমানিক) এলাকায় জামি'আতুল অলিজা ইসলামিয়া ও জামি'আ হযরত সুমাইয়া (রা.) মহিলা মাদরাসার মাঠে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর সম্মেলনের কার্যক্রম শুরু হয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দিনব্যাপী অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত থাকবে। এতে দেশ-বিদেশের খ্যাতিমান ইসলামি ব্যক্তিত্বদের বয়ান, শিক্ষার্থীদের দস্তারবন্দি এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন রাখা হয়েছে। হিজরি ১৪৪৮ সালের ১ রজব অনুষ্ঠিতব্য এ সম্মেলনে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
প্রধান মেহমান ও সভাপতিত্ব
সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের নানুপুরের পীর সাহেব আল্লামা শায়েখ শাহ ছালাহ উদ্দীন (দা.বা.)। তিনি সংশ্লিষ্ট মাদরাসার শূরা প্রধান। সম্মেলনে তাঁর বিশেষ নসিহত পেশ, শিক্ষার্থীদের দস্তার (পাগড়ি) প্রদান এবং আখেরি দোয়া পরিচালনার কথা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদরাসার মুতাওয়াল্লি ও সভাপতি আলহাজ অ্যাডভোকেট এস. এম. খালেদ মাহমুদ রাব্বী।
তিন পর্বে দেশ-বিদেশের আলেমদের বয়ান
সম্মেলনের প্রথম পর্ব ফজরের নামাজের পর শুরু হয়ে জুমার আগ পর্যন্ত চলবে। এ পর্বে বয়ান করবেন শায়খুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা আব্দুল বাছেত খান সিরাজী, শায়খুল হাদিস আবু মুসা কাসেমী, মুফতি রিজওয়ান রফিকি, মাওলানা আব্দুল লতিফ খান, চীন থেকে আগত মাওলানা আব্দুল বাসিত হাসসানী এবং পাকিস্তান থেকে আগত মাওলানা হাবিবুল্লাহ আরমানী।
দ্বিতীয় পর্ব জুমার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পর্বে বক্তব্য রাখবেন সাবেক ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা আব্দুর রহিম আল-মাদানী, রংপুরের পীরগঞ্জের হযরত মাওলানা রেজাউল করিম, আল্লামা মুফতি ওবায়দুল্লাহ হামযাহ, মুফতি রেজাউল করিম আবরার এবং মুফতি ফয়জুল্লাহ নোমানী।
তৃতীয় ও শেষ পর্ব মাগরিবের নামাজের পর থেকে আখেরি মোনাজাত পর্যন্ত চলবে। এ পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সাইয়্যেদ ইয়াকুব আল-মাদানী। এ ছাড়া বয়ান করবেন ইত্তেহাদুল মাদারিসের মহাসচিব আল্লামা মুফতি নূরুল ইসলাম, বেফাকের আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, শায়খুল হাদিস আল্লামা আনোয়ারুল করীম, হাফেজ মাওলানা তাফহীমুল হক, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, মুফতি রাফি বিন মনির এবং কলরবের মুফতি সাঈদ আহমাদ।
এ ছাড়া সম্মেলনে স্থানীয় পর্যায়ের বিশিষ্ট আলেম-ওলামারাও বক্তব্য পেশ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
সবার অংশগ্রহণ কামনা আয়োজকদের
সম্মেলন উপলক্ষে দেওয়া দাওয়াতনামায় মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা রিয়াজুল করীম সরকার বলেন, দেশ-বিদেশের বরেণ্য ওলামায়ে কেরামের উপস্থিতিতে এ মহাসম্মেলন মুসল্লিদের জন্য গুরুত্বপূর্ণ দ্বীনি নসিহত ও আত্মশুদ্ধির সুযোগ তৈরি করবে, ইনশাআল্লাহ। তিনি সম্মেলনকে সফল করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
আয়োজক কমিটি জানিয়েছে, সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ে সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে। বিপুলসংখ্যক মুসল্লির সমাগমের প্রত্যাশা নিয়ে প্রয়োজনীয় আয়োজন ও ব্যবস্থাপনার কাজও চলছে।














মন্তব্যসমূহ