জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। পদত্যাগপত্রে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকার বিষয়টি উল্লেখ করেছেন তিনি। তবে তাঁর পদত্যাগের পেছনে মন্ত্রিত্ব না পাওয়ার অসন্তোষ রয়েছে কি না, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
স্পিকার জানান, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ১৪ নভেম্বর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। পরদিন ১৫ নভেম্বর সেটি স্পিকারের কাছে পৌঁছায়।
পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর দিন থেকেই সংশ্লিষ্ট সংসদীয় আসন শূন্য হয়। সে হিসাবে ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
পদত্যাগপত্রে ওসমান ফারুক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকায় স্বাস্থ্য ও সুস্থতা ফিরে পাওয়ার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।
সংসদ সদস্যের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক বলেও উল্লেখ করেছেন তিনি।
নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওসমান ফারুক জানিয়েছেন, কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব ও সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের বড় সম্মান। পদত্যাগের সিদ্ধান্তে নির্বাচনী এলাকার মানুষ এবং সংসদের সহকর্মীরা হতাশ হবেন না বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
এদিকে ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে ভিন্ন আলোচনাও রয়েছে। বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, বর্তমান সরকার গঠনের পর মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় তাঁর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই অভিমান থেকেও তিনি সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
তবে এ দাবির পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ওসমান ফারুক নিজেও পদত্যাগের কারণ হিসেবে মন্ত্রিত্ব না পাওয়ার কথা উল্লেখ করেননি। তাঁর লিখিত বক্তব্যে শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনীয়তাকেই কারণ হিসেবে দেখানো হয়েছে।
পেশাগত জীবনে কৃষি অর্থনীতিবিদ ড. ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে যুক্ত হন ওসমান ফারুক।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৪ আসন থেকে জয়ী হন তিনি। এরপর চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফেরেন বিএনপির এই নেতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আবারও সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।
সর্বশেষ চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন ওসমান ফারুক।
তবে নির্বাচিত হওয়ার প্রায় নয় মাসের মাথায় সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সাবেক এই শিক্ষামন্ত্রী।














মন্তব্যসমূহ