রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, তিনি বর্তমানে চলমান জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৬ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ। অভিযানে বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বাবুল আক্তার ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, চলমান জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে বাবুল আক্তারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাবুল আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।














মন্তব্যসমূহ