শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভবিষ্যতে যে পেশাতেই যুক্ত হোক না কেন, সমাজ, পরিবেশ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া ৫০ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনা শেষ করে তারা বিভিন্ন পেশায় কর্মজীবন শুরু করবে। কেউ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজ্ঞানী কিংবা শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হবে। তবে পেশাগত সাফল্যের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি আশপাশের মানুষ, সমাজ এবং পরিবেশের প্রতিও কিছু দায়িত্ব রয়েছে। একজন বিবেকবান নাগরিক হিসেবে সেই দায়িত্ব পালনে সচেতন থাকতে হবে।
প্রধানমন্ত্রী মনে করেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে ইতিবাচক অবদান রাখা সম্ভব।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়ে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘পড়ালেখার পাশাপাশি কিন্তু খেলাধুলা করতে হবে। পড়ালেখার পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।’
শুধু পাঠ্যবই মুখস্থ করে পরীক্ষায় অংশ নেওয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শ্রেণিকক্ষের পড়াশোনার বাইরেও শিক্ষার্থীদের জানার ও শেখার অনেক বিষয় রয়েছে। এসব বিষয়ে জ্ঞান অর্জন করলে তাদের ব্যক্তিগত জীবন আরও সমৃদ্ধ হবে।
শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতনতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ থাকা প্রয়োজন।
জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে এই সাক্ষাতে প্রধানমন্ত্রী মূলত শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ব এবং বহুমুখী জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন।














মন্তব্যসমূহ