গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে পায়ে শেকল বাঁধা অবস্থায় ওসমান গনি (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকা থেকে নদীতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বাশাইর বাজার খেয়াঘাটের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওসমান গনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) দুপুরে একটি চলন্ত নৌকায় ছিলেন ওসমান গনি। একপর্যায়ে নদীর মাঝখানে নৌকা থেকে পানিতে নেমে তিনি নিখোঁজ হন।
খবর পেয়ে ওই দিন বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে রাতের অন্ধকারে উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়ায় অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরদিন রোববার আবারও তল্লাশি শুরু করেন ডুবুরিরা। বিকেলের দিকে বাশাইর বাজার খেয়াঘাটের কাছ থেকে ওসমান গনির মরদেহ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, ওসমান গনি দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। এ কারণে তার পায়ে শেকল বেঁধে রাখা হতো বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রাসেল মামুন জানান, উদ্ধারের সময়ও ওসমান গনির পায়ে শেকল বাঁধা ছিল। উদ্ধার শেষে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম শেখ জানান, মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।














মন্তব্যসমূহ