আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারিক কর্তৃত্ব সরাসরি প্রত্যাখ্যান করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো আন্তর্জাতিক আদালত কিংবা আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানের সিদ্ধান্তের কাছে মাথা নত করবে না। এমনকি মার্কিন নাগরিকদের বিরুদ্ধে আইসিসি কোনো রায় কার্যকরের চেষ্টা করলে ওয়াশিংটন শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনে রক্ষণশীল আইনজীবীদের সংগঠন ফেডারেলিস্ট সোসাইটির এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রুবিও। আন্তর্জাতিক আইন ও যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের মধ্যে সংঘাত তৈরি হলে মার্কিন স্বার্থকেই অগ্রাধিকার দেওয়ার পক্ষে অবস্থান জানান তিনি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর এটিই ছিল রুবিওর প্রথম লিখিত বক্তব্য। এর মধ্য দিয়ে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে শিগগিরই নির্বাচনী প্রচারণা শুরু করার সম্ভাবনা নাকচ করেছেন তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্রনীতির অন্যতম সমর্থক রুবিও বক্তব্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও প্রত্যাখ্যান করেন। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বিভিন্ন নৌযানে মার্কিন হামলার সমালোচনাও তিনি উড়িয়ে দেন। যুক্তরাষ্ট্রের দাবি, ওই নৌযানগুলোতে মাদক পরিবহন করা হচ্ছিল।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের উদ্দেশ্য নিয়েও কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করাই এই যুদ্ধের মূল লক্ষ্য। তিনি দাবি করেন, ইরানের শাসকদের মধ্যে অন্য দেশ দখলের মানসিকতা রয়েছে।
এ প্রসঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ইরানের তুলনা করেন রুবিও। তিনি বলেন, উত্তর কোরিয়ায় অনেক ভয়াবহ ঘটনা ঘটেছে। তবে দেশটির নেতা অন্য কোনো রাষ্ট্র দখল করতে কিংবা জাপান ও চীনে হামলা চালাতে চাইছেন না।
আইসিসির ভূমিকা নিয়ে সমালোচনা করতে গিয়ে রুবিও অভিযোগ করেন, আদালতটি যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও সামরিক সদস্যদের বিচারের আওতায় আনার চেষ্টা করছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা কখনোই এই আদালতের কর্তৃত্ব স্বীকার করেননি। অথচ আইসিসি নিজেকে আন্তর্জাতিক বিচার ও শাস্তি প্রদানের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে।
২০০২ সালে নেদারল্যান্ডসে প্রতিষ্ঠিত আইসিসির মূল দায়িত্ব যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার করা। তবে আদালতটির কার্যক্রম নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরোধিতা দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় এর আগে আইসিসির কৌঁসুলি ও বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
অন্যদিকে, আদালতটির অধিকাংশ সদস্যরাষ্ট্র আইসিসির প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। সমর্থনকারী দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য এবং যুক্তরাষ্ট্র ও তুরস্ক ছাড়া ন্যাটোর সব সদস্যরাষ্ট্র রয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিও ওয়াশিংটনের বিরোধিতার অন্যতম কারণ। পাশাপাশি আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে আদালতের তদন্তের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে আইসিসি জানিয়েছে, ওই তদন্তকে বর্তমানে কম গুরুত্ব দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার প্রভাবে আগামী এপ্রিল থেকে আইসিসির কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আদালতটির সমর্থকেরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে নিষেধাজ্ঞার প্রভাব কার্যকর হতে পারে।
বক্তব্যের শেষ পর্যায়ে রোমান সেনাপতি পম্পেইয়ের একটি উক্তি তুলে ধরেন রুবিও। যুক্তরাষ্ট্রের অবস্থান বোঝাতে তিনি বলেন, ‘তলোয়ারধারী মানুষের সামনে আইন নিয়ে কথা বলা বন্ধ করুন।’
সূত্র: রয়টার্স














মন্তব্যসমূহ