পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারসহ বিভিন্ন খাতে সম্পর্ক আরও গভীর করতে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলে দুই দেশের উচ্চ কৌশলগত কমিটির দ্বাদশ বৈঠক উপলক্ষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে প্রেসিডেন্সিয়াল দোলমাবাহচে কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও প্রতিনিধিদল পর্যায়ে আলোচনা হয়। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এতে স্বাক্ষর করেন দুই দেশের শীর্ষ নেতা।
প্রতিরক্ষার পাশাপাশি ভোক্তা অধিকার সুরক্ষা, বাজার তদারকি ও পরিদর্শন কার্যক্রমেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশ দুটি। এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানি।
শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণেও একটি চুক্তি করেছে দুই দেশ। এতে তুরস্কের শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন এবং কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি স্বাক্ষর করেন।
এ ছাড়া শান্তি প্রতিষ্ঠা, পুনর্মিলন এবং সংঘাত নিরসনে যৌথভাবে কাজ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এতে স্বাক্ষর করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি।
কমিটির দ্বাদশ বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একটি যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করেন।
শুক্রবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে তুরস্ক ও কাতারের মধ্যে এসব চুক্তি স্বাক্ষরের তথ্য জানানো হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি।














মন্তব্যসমূহ