পাকিস্তানের লাহোরে নেদারল্যান্ডস ও ভেনেজুয়েলার দুই নারী নাগরিককে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের নাতি মুহাম্মদ রাজা দারসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) লাহোরের বিচারিক আদালতে হাজির হয়ে আট আসামিই নিজেদের নির্দোষ দাবি করলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফাকত আলী গন্ডাল তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ৯ ডিসেম্বর থেকে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে; ওই দিন রাষ্ট্রপক্ষকে সাক্ষীদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।
বর্তমানে মামলার আট আসামিই বিচারিক হেফাজতে রয়েছেন। পাকিস্তানের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ইসহাক দারের পারিবারিক সংশ্লিষ্টতার কারণে মামলাটি দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে পাঞ্জাব পুলিশ আদালতে একটি অসম্পূর্ণ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল, যেখানে মুহাম্মদ রাজা দারসহ পাঁচজনকে সরাসরি যৌন নিপীড়নের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। পুলিশের দাবি অনুযায়ী, প্রধান অভিযুক্তদের একজনের কর্মচারী হিসেবে পরিচিত অপর তিনজনের বিরুদ্ধে ওই দুই নারীকে যৌন নিপীড়নের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে; আর রাজা দারসহ বাকি পাঁচজনের বিরুদ্ধে বেআইনিভাবে আটকে রাখা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। তবে আদালত সব দিক বিবেচনায় নিয়ে আটজনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছেন।
মামলার নথি ও তদন্ত সূত্রে জানা যায়, ২০২৫ সালে সিঙ্গাপুরে মুহাম্মদ রাজা দারের সঙ্গে নেদারল্যান্ডস ও ভেনেজুয়েলার ওই দুই নারীর পরিচয় হয়। তাঁরা রাজা দারকে ক্রিপ্টোকারেন্সি ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দিলে তিনি প্রথমে মুনাফা পান এবং পরবর্তী সময়ে পাঁচ লাখ ডলারের বেশি বিনিয়োগ করেন। কিন্তু পরবর্তীতে ওই দুই নারী মুনাফা বা মূলধন ফেরত দিতে ব্যর্থ হলে নতুন এক বিনিয়োগকারীর সঙ্গে বৈঠকের কথা বলে গত জুনে তাঁদের পাকিস্তানে আমন্ত্রণ জানান রাজা দার।
অভিযোগ অনুযায়ী, পাকিস্তানে আসার পর ইসলামাবাদ ও মুরি ঘুরে লাহোরে পৌঁছালে গত ২৯ জুন ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) এলাকার একটি বাড়িতে ওই দুই নারীকে অপহরণ করে আটকে রাখা হয়। সেখানে অস্ত্রধারীদের পাহারায় ছুরি, বন্দুক ও ভাঙা আয়না দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি দাবি পূরণ না হলে হত্যা এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির হুমকি দেওয়া হয়। এ সময় জোরপূর্বক তাঁদের কাছ থেকে প্রায় ১৯ হাজার ৫০০ ডলার স্থানান্তর করে নেওয়া হয়।
গত ১ জুলাই দুই নারীকে লাহোর বিমানবন্দরে নিয়ে যাওয়ার পথে ভাট্টা চকের কাছে তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সুযোগে তাঁরা চিৎকার করে সাহায্য চাইলে অভিযুক্ত এক প্রভাবশালী আত্মীয় ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং পুলিশ এসে দুই নারীকে উদ্ধার করে। পরবর্তীতে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি রেকর্ড শেষে গত ৩ জুলাই পাকিস্তান ত্যাগ করেন ভুক্তভোগী দুই নারী।
তদন্তকারীরা জানিয়েছেন, এ ঘটনায় চাঁদাবাজির মাধ্যমে নেওয়া ৪৩ লাখ রুপি, অপরাধে ব্যবহৃত সন্দেহে একটি গাড়ি, মোবাইল ফোন এবং পিস্তল ও রাইফেলসহ বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়েছে। ডিএনএ ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনো অপেক্ষমাণ রয়েছে। এদিকে আটক তিন আসামির জামিন আবেদনের বিষয়ে রাষ্ট্রপক্ষকে যুক্তিতর্ক উপস্থাপনের শেষ সুযোগ দিয়েছেন আদালত।














মন্তব্যসমূহ