জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি ও জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ হাসিব আল ইসলামের ওপর গুপ্ত ও প্রাণঘাতী হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মৌলভীবাজারে হাসিব আল ইসলাম অবস্থানকালে হঠাৎ কয়েকজন চিহ্নিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র ও চাপাতি হাতে তাঁর ওপর চড়াও হয়। হামলাকারীরা এ সময় তাঁকে 'জুলাই জঙ্গি' বলে গালিগালাজ করে এবং হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা চালায়। অতর্কিত এ গুপ্ত হামলায় তিনি আহত হন। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন এগিয়ে এলে এবং তিনি প্রতিরোধের চেষ্টা করলে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও শিক্ষার্থী মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির পক্ষ থেকে এ বর্বরোচিত গুপ্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। নেতৃবৃন্দের অভিযোগ, দেশব্যাপী অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অংশ হিসেবেই পতিত স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের অগ্রণী ছাত্রনেতাদের টার্গেট করে এ ধরনের চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।














মন্তব্যসমূহ