সাভারের হেমায়েতপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য, শ্রমিক ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ও পদ্মার মোড়ের ঋষিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। সংঘর্ষে ওসি সাইফুল আলমসহ সাত পুলিশ সদস্য এবং তিন সাংবাদিক আহত হয়েছেন।
জানা গেছে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই হেমায়েতপুর ও ঋষিপাড়া এলাকার ১১টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পরে শ্রমিকরা বিভিন্ন স্থানে জড়ো হয়ে সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের দ্রুত নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এ ছাড়া পদ্মার মোড় এলাকায় ওসি সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সংঘর্ষে আহতদের মধ্যে শ্রমিক ও সাংবাদিকরাও রয়েছেন। তবে আহতদের বিস্তারিত পরিচয় ও তাঁদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
মন্তব্যসমূহ