ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়া হবে।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি মন্তব্য করেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মৃত্যুর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় আব্বাস আরাগচি বলেন, ইরান তার জনগণ ও নেতৃত্বের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের হুমকি মেনে নেবে না।
আরাগচি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলো সবার জন্য পরিষ্কার। তার দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে তেল আবিবের মিত্রদের নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা যদি সেই অবস্থান উপেক্ষা করে, তাহলে ইরান জবাব দেবে।
এর আগে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে ইসরায়েল কাটজ ইরানি কর্মকর্তাদের নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ইরান আলোচনায় সুবিধা আদায়ের চেষ্টা করে। তবে ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না।
কাটজের এই বক্তব্যের পর আরাগচি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো হুমকি এলে তার জবাব শক্তভাবেই দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক পাল্টাপাল্টি মন্তব্য সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ